১৭ দিনে ধরে নিখোঁজ ১৮ জেলে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৯

চট্টগ্রামের বাকলিয়া থানার নতুন ফিশারিঘাট থেকে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন ১৮ জেলে। ১৭ দিন কেটে যাওয়ার পরও কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের ফেরার প্রতিক্ষায় দিন গুনছে পরিবার।

গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের সদরঘাট নৌ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ মাছ ব্যবসায়ী আলী আকবরের স্ত্রী সেলিনা আক্তার।

এতে সেলিনা আক্তার উল্লেখ করেছেন, তার স্বামী আলী আকবর (৪৯) দীর্ঘদিন ধরে মাছ ধরার ব্যবসার সঙ্গে জড়িত। তার মালিকানাধীন  ‘এফবি খাজা আজমীর’ নামক মাছ ধরার নৌকাতে মাঝি আবু তাহের (৫৫), স্টাফ জামাল (৪৫), বাবুর্চি রুবেলসহ (৩৫) আরও ১৪ জন সাগরে মাছ ধরতে বের হন। 

গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে স্ত্রী সেলিনা আক্তারের সঙ্গে আলী আকবরের সর্বশেষ ফোনালাপ হয়। এরপর থেকে তার ব্যবহৃত নম্বরসহ অন্য স্টাফদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

সেলিনা আক্তার জানান, ‘প্রথমে ভেবেছিলাম সাগরে নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ করা যাচ্ছে না। কিন্তু টানা ১০ থেকে ১১ দিন অপেক্ষার পরও তাদের কোনো খোঁজ না পাওয়ায় আমরা দিশেহারা হয়ে পড়েছি। এখনো স্বামী ও বোটের সব মাঝিমাল্লা নিখোঁজ। পুলিশও কোনো খোঁজ দিতে পারছে না।’

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নিখোঁজ জেলেদের সন্ধানে খোঁজ চলছে। দেশের প্রতিটি থানায় বার্তাও পাঠানো হয়েছে।’

ইত্তেফাক/এমএমকে/এএম