মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও ৭ পুলিশ বরখাস্ত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৪

রাজধানীর বাড্ডার নিমতলিতে শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে পূজার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ডিউটি চলাকালে গুলি ও মালামাল চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় এক উপপরিদর্শক মোবাশ্বির (এসআই), এক সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এটি দায়িত্বে চরম অবহেলার ঘটনা। তাই সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ডিএমপি সূত্র জানায়, মন্দির প্রাঙ্গণের একটি নির্মাণাধীন ভবনের দোতলায় পূজার নিরাপত্তায় নিয়োজিত চার পুলিশ সদস্য ও তিন আনসার সদস্য অবস্থান করছিলেন। মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে তাদের ঘুমন্ত অবস্থায় পাশে রাখা চারটি ব্যাগ, দুটি মানিব্যাগ ও তিনটি মোবাইল ফোন চুরি হয়। চুরি হওয়া একটি ব্যাগে ছিল ৩০ রাউন্ড শটগানের গুলি, যা নিয়ে পুলিশ প্রশাসনে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে।

পরে সকাল পৌনে ১০টার দিকে মন্দির সংলগ্ন একটি পতিত জায়গা থেকে চুরি যাওয়া ব্যাগগুলো উদ্ধার করা হয়। গুলিগুলোও অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

কর্তব্যে অবহেলার কারণে বাড্ডা থানার এসআই মোবাশ্বির, একজন এএসআই ও পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।’

ডিসি তারেক মাহমুদ বলেন, ‘গুলিগুলো উদ্ধার হলেও এটি একটি স্পষ্ট দায়িত্বহীনতার উদাহরণ। আমরা এমন ঘটনায় শূন্য সহনশীলতা নীতিতে চলি। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে আরও কড়া নজরদারি থাকবে।’

ইত্তেফাক/এএম