ছিনতাই করে নদীতে ঝাঁপ, দুই ঘণ্টা পর ভেসে উঠলো লাশ

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১০:৫৯

বগুড়ার ধুনট উপজেলায় মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে টুটুল শেখ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার বথুয়াবাড়ি ইউনিয়নের চৌবাড়িয়া শ্মশান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টুটুল শেখ চালাপাড়া চৈতারপাড়া গ্রামের শুক্কুর আলী শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে বথুয়াবাড়ি এলাকায় এক কিশোরের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেন টুটুল। বিষয়টি দেখে স্থানীয়রা ধাওয়া করলে তিনি দৌড়ে চৌবাড়িয়া শ্মশান ঘাটে পৌঁছে বাঙালি নদীতে ঝাঁপ দেন। পরে দুপুর ১টার দিকে নদীতে তার লাশ ভেসে ওঠে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘এক কিশোরের মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় নদীতে ঝাঁপ দিলে টুটুল শেখের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় নিহতের মা সোনাভান ধুনট থানায় অপমৃত্যু মামলা করেছেন বলে জানান ওসি।

ইত্তেফাক/এনএন