ট্রাম্পকে পুতিনের পাল্টা মন্তব্য, ন্যাটো কী তবে ‘কাগুজে বাঘ’

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১২:৩০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে 'কাগুজে বাঘ' (পেপার টাইগার) বলে আখ্যা দেওয়ার পর পাল্টা প্রশ্ন ছুড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি উল্টো প্রশ্ন তুলেছেন, ন্যাটো জোট নিজেই কি তবে 'কাগুজে বাঘ' নয়? 

পাশাপাশি পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তবে তা হবে ভয়াবহ মাত্রায় নতুন এক উত্তেজনার অশুভ সূচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত ইউক্রেন যুদ্ধকে রুশ কর্মকর্তারা এখন পশ্চিমা দেশগুলোর সঙ্গে সরাসরি 'ভয়াবহ সংঘাত' (হট কনফ্লিক্ট) হিসেবে দেখছেন। 

কৃষ্ণ সাগর তীরবর্তী সোচিতে বৃহস্পতিবার (২ অক্টোবর) ভ্যালদাই ডিসকাশন গ্রুপের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট পুতিন দাবি করেন, রুশ সেনারা ইউক্রেনের পুরো ফ্রন্টজুড়ে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ন্যাটো জোটের প্রায় সব সদস্যই এখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িত। 

গত সপ্তাহে আচমকা অবস্থান পরিবর্তন করে প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়াকে 'কাগুজে বাঘ' আখ্যা দিয়েছিলেন এবং বলেছিলেন, ইউক্রেন রাশিয়ার কাছ থেকে সব দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধার করতে সক্ষম। 

ট্রাম্প চলতি সপ্তাহেও ঐ একই মন্তব্য পুনর্ব্যক্ত করেন। এর জবাবে পুতিন পাল্টা মন্তব্য করেন, 'কাগুজে বাঘ? আচ্ছা, তারপর কী? গিয়ে মোকাবিলা করুন সেই কাগুজে বাঘকে। যদিও আমরা পুরো ন্যাটো জোটের সঙ্গে যুদ্ধ করছি, তবুও অগ্রসর হচ্ছি, আত্মবিশ্বাসী বোধ করছি, আর আমাদেরই বলা হয় কাগুজে বাঘ—তাহলে ন্যাটো নিজেই বা কী?'

সূত্র: রয়টার্স

ইত্তেফাক/টিএইচ