যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলন, বাড়িঘর ও জমি বিলীনের শঙ্কা

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১৭:৪০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার তীর কেটে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, নদীর তীর কেটে বালু উত্তোলনের কারণে এলাকার বাড়িঘর ও জমি-জিরাত নদীর গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গত বৃহস্পতিবার বালু উত্তোলনের সময় স্থানীয় শত শত মানুষ বাধা দিলে নৌকাগুলো নদীর তীর ছেড়ে চলে যায়। এলাকাবাসীর অভিযোগ, সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ক্ষমতার অপব্যবহার করে নদীর পাড় কেটে কোটি কোটি টাকার বালু হাতিয়ে নিয়েছেন। এখনও তার নেতৃত্বে একইভাবে বালু উত্তোলন চালানো হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, যাদুকাটা-১ ও ২ এলাকায় বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। প্রশাসন যাদুকাটা-২ এর ইজারাদারকে সীমানা বুঝিয়ে দিয়েছে, তবে যাদুকাটা-১-এর সীমানা এখনও ঠিক হয়নি। বুধবার সহকারী কমিশনার (ভূমি) ভ‚মি এলাকায় গিয়ে সীমানা নির্ধারণের চেষ্টা করলেও কিছু লোক আপত্তি জানায়।

আফতাব উদ্দিন দাবি করেন, নদীর মধ্যবর্তী নির্ধারিত জায়গা থেকে বালু তোলা হচ্ছে, কিন্তু স্থানীয়রা বাঁধা দিচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাহারুখ আলমম শান্তুনু জানান, সীমানা নির্ধারণ করতে কিছু লোক আপত্তি তুলায় নিরাপত্তার কারণে কাজ স্থগিত রাখা হয়েছে। পরে সঠিক সীমানা চিহ্নিত করে বালু উত্তোলন শুরু করা হবে।

স্থানীয়রা আশঙ্কা করছেন, নদীর তীর কেটে বালু উত্তোলন অব্যাহত থাকলে এলাকার বসত ও কৃষিজমি নদীর গর্ভে বিলীন হবে।

ইত্তেফাক/কেএইচ