ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল হেলপারের

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৪:১৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে একজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিয়াতউল্লাহ (২০) ইমাদ পরিবহনের হেলপার। তিনি পিরোজপুর জেলার হরিনা গাজিপুর গ্রামের জামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া মুখে এক্সপ্রেসওয়ের লেনে হানিফ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগামী ইমাদ পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরিয়াতউল্লাহ নিহত হন। এবং কয়েকজন যাত্রী আহত হন। 

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান। 

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত ব্যক্তির মরদেহ হাসাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করেছে বলে জানা গেছে।

ইত্তেফাক/পিএস