অভিমান করে বাসা থেকে বেরিয়ে যাওয়ার দুদিন পর ওমর ফারুক মোল্ল্যা (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি লেক থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত ওমর ফারুক হাজারীবাগ বউবাজারে পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম আব্দুল কুদ্দুস মোল্ল্যা।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান বলেন, ‘সকালে খবর পেয়ে ধানমন্ডি ৫ নম্বর রোডে নায়রী রেস্টুরেন্টের পাশে লেকের পানিতে তার মরদেহ উদ্ধার করা হয়।’
পরিবার জানিয়েছে, ওমর পড়াশোনা করতেন না এবং বেকার ছিলেন। এসব নিয়ে শুক্রবার দুপুরে মায়ের সঙ্গে তার রাগারাগি হয়। ওইদিন বিকেল ৩টার দিকে খাবার খেয়ে বাসা থেকে বেরিয়ে আসেন ওমর। এরপর আর বাসায় ফেরেননি। পরিবার ভেবেছিল, তিনি হয়তো কোনো বন্ধুর বাসায় গেছেন।
এসআই খলিলুর আরও বলেন, ‘সাঁতার জানতেন না ওমর। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’
