নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার: ইত্তেফাকের সংবাদের জেরে তৎপর প্রশাসন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৫:৩৩

দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত সংবাদের জেরে অবশেষে মানিকগঞ্জ থেকে নিখোঁজ হওয়া একাদশ শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ। প্রায় ৫০ দিন নিখোঁজ থাকার পর শনিবার দিবাগত রাতে তাকে নাটোর জেলা শহর থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,গত ১৪ আগস্ট সকালে অনলাইনে ভর্তির আবেদনের জন্য উপজেলার হরগজ বাজারে যাওয়ার পর থেকেই সুমাইয়া আক্তার নামের ওই শিক্ষার্থী নিখোঁজ হন। এ ঘটনায় তার বাবা মিজানুর রহমান সাটুরিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

নিখোঁজ ছাত্রীর দ্রুত সন্ধানের দাবিতে এর আগে তার মা-বাবা একটি সংবাদ সম্মেলন করেছিলেন,যার ভিত্তিতে দৈনিক ইত্তেফাক-এ "মানিকগঞ্জে ৪৫ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী,সন্ধান চেয়ে মা-বাবার সংবাদ সম্মেলন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে উদ্যোগী হয়।

আজ (৫ অক্টোবর) রবিবার বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নাটোর থেকে সুমাইয়া আক্তারকে উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পাবনা সদর উপজেলার শংকরপুর গ্রামের মো. শাকিল খান (২৩)-এর সাথে সুমাইয়া আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরেই সে শাকিল খানের সাথে পালিয়ে গিয়েছিল।

সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম বলেন, পুলিশের তৎপরতা এবং পত্রিকায় প্রকাশিত খবরের কারণেই নিখোঁজ ছাত্রীকে দ্রুত খুঁজে বের করা সম্ভব হয়েছে।

ইত্তেফাক/এএইচপি