মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের চতুড়িয়া স্ট্যান্ড সংলগ্ন একটি স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৬ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে বাসের হেলপারের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
শ্রীপুর থানা পুলিশ, ফায়ার ব্রিগেড ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে মাগুরা থেকে ছেড়ে আসা লাঙ্গলবাঁধ মুখী একটি বাসটি চতুড়িয়া নামক স্থানে পৌঁছালে বিপরীতগামী অপর একটি চলন্ত বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। লাঙ্গলবাঁধ মুখী বাসের ১৬ জন যাত্রী মারাত্মক আহত হন। আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান ও শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অধীর কুমার বিশ্বাস ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।
সংবাদ পেয়ে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার দিলারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/আরকেজি
