বরিশাল-পাথরঘাটা মহাসড়কের বামনার ডৌয়াতলা ইউনিয়নের খানবাড়ি সংলগ্ন সড়ক থেকে এক অজ্ঞাত যুবকের গোড়ালি বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে বামনা থানা পুলিশ। রোববার (০৫ অক্টোবর) সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং একটি পা প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে চামড়ার সাথে ঝুলে ছিল। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধা্রনা করা হচ্ছে।
ডৌয়াতলা ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ জানান, সড়কে অজ্ঞাত লাশের সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বামনা থানাকে বিষয়টি অবহিত করেন। এ লাশের শরীরে বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতসহ একটি পা কেটে চামড়ায় ঝুলে আছে। লাশের পরিচয় সনাক্ত করা যায়নি।
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ লাশ দেখতে পেয়ে বিষয়টি থানাকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
