ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও পশ্চিমপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের মো. সাদ্দামের ছেলে শরীফ (৭) ও মেয়ে শিফা (৮)।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে শরীফ পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে বড় বোন শিফা ঝাঁপ দিলে দুজনেই তলিয়ে যায়। পরে প্রতিবেশীরা উদ্ধার করে নোয়াগাঁও বাজারের শান্তা ফার্মেসিতে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ঘটনাটির বিষয়ে আমরা অবগত আছি। পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
