ছোট পোশাক পরায় মডেলদের শাসাল ভারতের হিন্দু সংগঠন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৮:৩৩

ভারতের উত্তরাখণ্ডে ‘মিস ঋষিকেশ’ সুন্দরী প্রতিযোগিতার রিহার্সেলে ছোট কাপড় পরে আসায়  হিন্দু শক্তি সংগঠন নামে একটি দলের নেতাকর্মীরা শাসিয়েছেন মডেলদের। শুক্রবার (৩ অক্টোবর) উত্তরাখণ্ডের দেহরাদুনের এক হোটেলে এ ঘটনা ঘটে।

রোববার সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, লায়ন্স ক্লাব ঋষিকেশের আয়োজনে সেখানে রিহার্সেল চলছিল। ওইদিন হিন্দু শক্তি সংগঠনের নেতাকর্মীরা সেখানে যান। সংগঠনটির রাজ্য প্রেসিডেন্ট রাঘবেন্দ্র ভাটনগর নেতৃত্ব দেন তাদের।

সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, রাঘবেন্দ্র মডেলদের সঙ্গে তর্ক করছেন। পশ্চিমা পোশাক পরায় তিনি মডেলন সমালোচনা করেন।

রাঘবেন্দ্রকে বলতে শোনা যায়, মডেলিং শেষ হয়ে গেছে। এখন বাড়িতে চলে যান। ঋষিকেশের সংস্কৃতিকে নষ্ট করবেন না। এটি আমাদের সংস্কৃতি নয়।

ওই সময় এক মডেল রাঘবেন্দ্রের সঙ্গে তর্কে জড়ান। ওই মডেল বলেন, পোশাক নিয়ে আমাদের কিছু বলার আগে দোকানগুলোতে আগে ছোট পোশাক বিক্রি বন্ধ করুন।

জবাবে রাঘবেন্দ্র বলেন, আমাকে কিছু বলবেন না।

তখন মডেল জবাব দেন, তাহলে আপনিও আমাদের কিছু বলবেন না। আমরা যা করছি তা করতে দিন।
 
এর জবাবে রাঘবেন্দ্র বলেন, বাড়িতে আপনারা যা খুশি তাই করতে পারেন।

তখন ওই নারী মডেল রেগে বলেন, আপনি আমাদের বলার কে?

রাঘবেন্দ্রও ক্ষিপ্ত হয়ে বলেন, ঠিক আছে আপনার এখানে থাকতে পারেন। কিন্তু আমি শো বন্ধ করে দেবো। আপনার উত্তরাখণ্ডের সংস্কৃতিকে ধ্বংস করছেন।

লায়ন্স ক্লাব ঋষিকেশের সভাপতি পঙ্কজ চন্দনি ওই মডেলকে সমর্থন জানিয়ে বলেন, তারা প্রাপ্তবয়স্ক। তারা নিজেদের খুশি অনুযায়ী যা ইচ্ছে তা পরতে পারে।

এদিকে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তারা কোনো আনুষ্ঠানিক অভিযোগ পায়নি।

উল্লেখ্য, শনিবার ওই সংগঠনের নেতাদের বাধা সত্ত্বেও ‘ঋষিকেশ সুন্দরী প্রতিযোগিতা’ নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে।

ইত্তেফাক/এনটিএম