নাটোরের বড়াইগ্রামে মমতাজ বেগম (৬৮) নামের এক বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের সরদারপাড়া মহল্লায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মমতাজ বেগম ওই মহল্লার মৃত শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে একা বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার রাতে বাড়ির প্রহরী আবু শামা এশার নামাজ শেষে বাসায় ফিরে গোঙানির শব্দ শুনতে পান। ঘরে ঢুকে তিনি মমতাজ বেগমকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার মুখমণ্ডল থেঁতলানো ও শরীর জুড়ে আঘাতের চিহ্ন ছিল। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মমতাজকে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, নিহতের শরীরে থাকা বেশ কিছু স্বর্ণালঙ্কার খোয়া গেছে। তাদের ধারণা, ফাঁকা বাড়িতে ডাকাতি করতে এসেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
এ ঘটনায় বড়াইগ্রাম থানা পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মী সুফিয়া বেগম (৪১) এবং প্রহরী আবু শামা (৬০)-কে থানায় নেওয়া হয়েছে। তারা দু’জনই একই মহল্লার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ আগে স্বামী মারা যাওয়ার পর মমতাজ বেগম একাই থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে, যারা পরিবার নিয়ে আলাদা থাকেন। বাড়ির গৃহস্থালির কাজে সাহায্য করতেন দুই গৃহকর্মী। সুফিয়া রান্নাবান্না করতেন এবং আবু শামা ছিলেন রাতে প্রহরীর দায়িত্বে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। সোমবার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
