দুধকুমার নদে ভেসে আসা গাছ ধরতে গিয়ে নিখোঁজ ১

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১৭:৩২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে ভেসে আসা গাছ ধরতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের খেলার ভিটা এলাকায় দুধকুমার নদে এ দুর্ঘটনা ঘটে।

‎‎নিখোঁজ ব্যক্তির নাম মনসুর আলী (৪০)। তিনি বেরুবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খামার নকুলা গ্রামের বাসিন্দা ।

‎‎স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নামা ঢলে দুধকুমার নদে পানি বৃদ্ধি পেয়েছে। ভারতের দিক থেকে ভেসে আসছে শত শত গাছের গুঁড়ি ও কাঠের টুকরো। সোমবার (৬ অক্টোবর) সকালে এসব গাছ ধরতে নদীতে নামেন মনসুর আলী। নদীতে তখন প্রবল স্রোত বয়ে যাচ্ছিল। একপর্যায়ে তিনি স্রোতের তোড়ে তলিয়ে যান।

‎‎পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খবর দেওয়া হয় নাগেশ্বরী ফায়ার সার্ভিসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। ‎

‎নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তাদের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে। এখনো নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা যায়নি।

কুড়িগ্রামের বিভিন্ন নদ–নদীতে ভারতের দিক থেকে ভেসে আসা গাছের গুঁড়ি ভেসে আসছে। স্থানীয় অনেকেই এসব কাঠ ধরতে নদীতে নামছেন।

ইত্তেফাক/এমএমকে/এএইচপি