স্ত্রী ও দুই সন্তানকে হত্যার দায়ে বাবুকে ফাঁসির আদেশ

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ২১:১৫

যশোরে স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করার দায়ে জহিরুল ইসলাম বাবুকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাকির হোসেন টিপু এ রায় দেন। রায়ের সময় বাবু আদালতে উপস্থিত ছিলেন।

২০২২ সালের ১৫ জুলাই স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথি (৩২) ও দুই মেয়ে সুমাইয়া (৯) ও সাফিয়াকে (২) নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে অভয়নগরের চাঁপাতলা গ্রামে তিনজনকেই শ্বাসরোধে হত্যা করেন বাবু। এরপর মরদেহগুলো ফেলে রেখে নিজেই পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে স্বীকারোক্তি দেন।

ঘটনার পর বিথির বাবা মুজিবর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় অভিযোগ ছিল, বিয়ের পর থেকেই বাবু স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একপর্যায়ে তাকে এক লাখ ৬০ হাজার টাকাও দেওয়া হয়েছিল, তবুও নির্যাতন বন্ধ হয়নি। পুলিশের তদন্তে হত্যার বিষয়টি নিশ্চিত হয়।

২০২২ সালের ৩০ নভেম্বর, এসআই গোলাম হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, "এটি একটি নির্মম হত্যাকাণ্ড। আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক হবে।" তিনি আরও জানান, বাবু মাদকাসক্ত ছিলেন।

ইত্তেফাক/এএম