মাগুরার শালিখার তালখড়ি বলাইঘোষা এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল। এতে ওই মোটরসাইকেলের আরোহীসহ দুজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম হুরাইয়া (২৮)। তিনি শালিখার পাথরঘাটা গ্রামের বাকিয়ার মিয়ার ছেলে। নিহত অন্যজনের নাম জানা যায়নি।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মাগুরার শারিখার উপজেলা সদর আড়পাড়া থেকে সিংড়া সড়কের তালখড়ি বলাইঘোষা এলাকার দিকে যাচ্ছিল দ্রুতগতির একটি মোটরসাইকেল। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর ওপর উঠে পড়ে। এ সময় চালক ও পথচারী আহত হন। তাদের উদ্ধার করে মাগুরা জেনারেল হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। তাছাড়া আহত আরও একজনকে মাগুরা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাগুরা শালিখা থানার ওসি মো. অলি মিয়া জানান, মোটরসাইকেলটি দ্রুতগতি পথচারীর ওপর উঠে পড়ায় এ দুর্ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
