ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে আমরা জান-প্রাণ দিয়ে চেষ্টা করছি যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।’ রবিবার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের অবস্থা সরেজমিন পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি।
রোগী বৃদ্ধির খবর প্রকাশের পাশাপাশি সুস্থ হয়ে ফিরে যাওয়াদের খবর প্রকাশের জন্য মেয়র গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘এতে মানুষের মাঝে সুস্থতার বিষয়ে বিশ্বাস ফিরে আসবে। সকল মহলের সম্মিলিত প্রচেষ্টার ফলে জনসাধারণের মধ্যে সার্বিকভাবে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এটা আশাব্যাঞ্জক বলে মেয়র সাঈদ খোকন উল্লেখ করেন।'
তিনি বলেন, ‘আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিনামূল্যে মশার স্প্রে বিতরণ করা শুরু হবে বলেও জানান। সবার সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই আমরা নগরীকে ডেঙ্গুমুক্ত করতে সক্ষম হবো।'
মেয়র সাঈদ খোকন হাসপাতালে পুরুষ ও শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগীদের শারিরীক অবস্থার সার্বিক খোঁজ নেন। তাদের সঙ্গে কথা বলে বলেন, ‘নগর কর্তৃপক্ষ তাদের পাশে আছে। ভয় পাওয়ার কোন কারণ নেই।’
আরও পড়ুন: হিজলায় সংহতি স্কুলে শিক্ষার্থীরা হিস্টিরিয়ায় আক্রান্ত
এ সময় হাসপাতালের পরিচালক প্রফেসর উত্তম কুমার বড়ুয়াসহ সংশ্লিষ্ট চিকিৎসকগণ এবং ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরিফ আহমেদ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
