হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: স্ট্যাটাস রিশেয়ার এবং মেসেজ অনুবাদের সুবিধা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১৫:৪৩

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ আইফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন এক চমক, এখন থেকে সরাসরি অ্যাপের মধ্যেই মেসেজ অনুবাদ করা যাবে। নতুন আইওএস আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন ২১টি ভাষায় মেসেজ অনুবাদ করতে পারবেন।

অনুবাদ করা যাবে এমন ২১টি ভাষার মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, স্প্যানিশ, আরবি, হিন্দি, রুশ, সহজ চীনা, ফরাসি, জার্মান, জাপানি ও কোরিয়ান।

নতুন এই ফিচারটি ব্যবহার করা যাবে ব্যক্তিগত চ্যাটিং, গ্রুপ চ্যাটিং এবং চ্যানেল সব জায়গাতেই। প্রথমে এটি কিছু ব্যবহারকারীর জন্য চালু করা হলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট নিওউইন।

সবচেয়ে বড় সুবিধা হলো, এই অনুবাদ ডিভাইসেই সম্পন্ন হয় অর্থাৎ কোনো ডেটা অ্যাপল, মেটা বা অন্য কোনো সার্ভারে পাঠানোর দরকার হবে না। ফলে ব্যবহারকারীর প্রাইভেসি থাকে পুরোপুরি সুরক্ষিত। এমনকি ইন্টারনেট সংযোগ না থাকলেও অনুবাদ করা যাবে।

এই ফিচারটি মূলত অ্যাপলের ‘ট্রান্সলেশন এপিআই’ ব্যবহার করে তৈরি হয়েছে। এতে অনুবাদের কাজ ‘দ্রুত এবং নিরাপদভাবে’ হবে। কোনো মেসেজ অনুবাদ করতে হলে সেটি সিলেক্ট করে ‘ট্রান্সলেট’ অপশন চাপলেই হবে।

সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে মেসেজের ভাষা শনাক্ত করে ব্যবহারকারীর পছন্দের ভাষায় অনুবাদ করে দেবে। অনুবাদটি মূল মেসেজের নিচেই দেখাবে যাতে আলাপের ধারাবাহিকতা বজায় থাকে।

তবে, এই সুবিধা ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীর আইওএস ১৭.৪ বা তার পরের সংস্করণ থাকতে হবে। কারণ, এই সংস্করণ থেকেই অ্যাপল তাদের ট্রান্সলেশন এপিআই চালু করেছিল যা হোয়াটসঅ্যাপকে এনক্রিপশন ভঙ্গ না করেই অনুবাদ সেবা দিতে সাহায্য করছে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি আগেই বেটা ভার্সনে চালু হয়েছিল আর এবার আইফোন ব্যবহারকারীরাও পাচ্ছেন আরও স্টেবল ও উন্নত অভিজ্ঞতা।

অন্যদিকে, হোয়াটসঅ্যাপ তার ইউজারদের চ্যাটিং এবং সোশ্যাল শেয়ারিং অভিজ্ঞতা উন্নত করার জন্য ক্রমাগত নতুন ফিচার চালু করছে। এখন, মেটা-মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি তার অ্যানড্রয়েড অ্যাপে একটি নতুন ফিচার পরীক্ষা করছে যা ইউজারদের তাদের স্ট্যাটাস আপডেটের ওপর আরও নিয়ন্ত্রণ দেবে।

ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেটের মাধ্যমে বন্ধুদের এবং পরিবারের সঙ্গে ছবি, ভিডিও বা টেক্সট শেয়ার করে, কিন্তু কখনও কখনও তারা তাদের স্ট্যাটাস পুনরায় শেয়ার করতে চায় না। হোয়াটসঅ্যাপ এই সমস্যাটি মাথায় রেখে এই নতুন বৈশিষ্ট্যটি নিয়ে কাজ করছে।

প্রতিবেদন অনুসারে, এই ফিচার ইউজারদের তাদের স্ট্যাটাস পুনরায় কে শেয়ার করতে পারবে তা বেছে নিতে দেবে। শুধু তা-ই নয়, যখন কেউ কারও স্ট্যাটাস রিশেয়ার করবে, তখন মূল ইউজারের তথ্য প্রকাশ করা হবে না, ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।

ফিচার ট্র্যাকার হোয়াটসঅ্যাপ বেটা ইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, এই ফিচারটি অ্যানড্রয়েড সংস্করণ ২.২৫.২৭.৫-এর জন্য হোয়াটসঅ্যাপ বেটাতে দেখা গিয়েছে। বর্তমানে, এটি শুধুমাত্র গুগল প্লে বিটা প্রোগ্রামের মাধ্যমে রেজিস্টারড বিটা টেস্টারদের জন্য উপলব্ধ। ভবিষ্যতে এটি আরও বৃহত্তর ব্যবহারকারী বেসে চালু করা হতে পারে।

ইত্তেফাক/এনটিএম