খুলনার উপকূলীয় উপজেলা দাকোপের বটবুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ওয়াপদা বেড়িবাঁধের প্রায় ১৫০ ফুট অংশ ঢাকি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ। পানির নিচে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর আমন ধানের ক্ষেত এবং কয়েক লাখ টাকার মাছভর্তি পুকুর। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ১ হাজার পরিবার।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে। ভাঙনের পর বুধবার সকাল থেকে স্থানীয় জনসাধারণ ও পাউবোর উদ্যোগে ভাঙা অংশে বালি ভর্তি জিও টিউব দিয়ে বাঁধ নির্মাণের চেষ্টা করা হয়। তবে নদীতে প্রবল জোয়ার থাকায় তা ব্যর্থ হয়। দুপুরের জোয়ারে আবারও পানি ঢুকে পড়ে প্লাবিত এলাকায়।
তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন গাজী জানান, অমাবস্যার প্রভাবে ঢাকি নদীতে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এতে মঙ্গলবার রাতে তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজারের পশ্চিম পাশে হরি মন্দিরসংলগ্ন এলাকার ঝুঁকিপূর্ণ ওয়াপদা বেড়িবাঁধটি নদীগর্ভে ধসে পড়ে।
তিনি আরও বলেন, বুধবার সকাল থেকে বালিভর্তি জিও টিউব দিয়ে বাঁধ নির্মাণের চেষ্টা করা হয়। কিন্তু তা ব্যর্থ হয়। এলাকাবাসী দিন-রাত পরিশ্রম করে বাঁধ পুনর্নির্মাণে কাজ করে যাচ্ছে। দ্রুত বাঁধ আটকানো না গেলে আমন ফসলসহ সাধারণ মানুষের বিরাট ক্ষয়ক্ষতি হবে।”
এ বিষয়ে খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, সকালে ভাঙন কবলিত স্থানে বাঁধ আটকানো চেষ্টা চলছিল কিন্তু নদীতে জোয়াওে পানি ভর্তি হয়ে যাওয়ায় সম্ভব হয়নি। সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি পরবর্তী জোয়ার আসার পূর্বে বাঁধ আটকাতে পারবো।
