বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার তদন্ত পিবিআই বা সিআইডিতে হস্তান্তরের নির্দেশনা চেয়ে দায়েরকৃত রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেন।
আদালত বলেন, এ মামলার আসামিদের বিরুদ্ধে আগে থেকেই মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এরপরেও তারা পুলিশের নজরদারির মধ্যে কিভাবে মাদক ব্যবসা পরিচালনা করছে। পুলিশ সতর্ক থাকলে হয়তো রিফাতকে এভাবে প্রাণ দিতে হতো না। তাই মিন্নির প্রতি উত্সাহী না হয়ে মামলার মূল আসামিদের দিকে পুলিশের নজর দেওয়া উচিত। এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: নুসরাত হত্যা; ফেনীর জেল সুপারসহ আরো ৭ জনের সাক্ষ্যগ্রহণ
রিফাত হত্যা মামলা পিবিআই/সিআইডিতে তদন্তভার প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। তিনি বলেন, একটি মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। এখন মিন্নি ওই জবানবন্দি প্রত্যাহার করতে চায়। আদালত বলেন, এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হয়ে থাকলে মিন্নির পরিবার এ ক্ষেত্রে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ তো রয়েছে।
ইত্তেফাক/এমআর
