নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি তিনতলা ভবনের ছাদে বিদ্যুতায়িত মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে দুজন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর গ্রামের শফি মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত রোজিনা বেগম টাঙ্গাইল জেলার কামারপাড়া এলাকার আক্কাস আলীর মেয়ে। আহতরা হলেন, রোজিনার মেয়ে সুরভী ও শ্বাশুড়ি মাসুদা বেগম।
স্থানীয়রা জানান, বিকেলে তিনতলা ভবনের দ্বিতীয় তলায় টিকটক করার সময় বাড়ির পাশে দিয়ে যাওয়া বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টেজের লাইনে সুরভীর কপাল স্পর্শ হলে দগ্ধ হয় সে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে বিদ্যুতায়িত হয় মা ও দাদি। তাদের চিৎকারে আশপাশে লোকজন এসে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত্যু ঘোষণা করে।
দগ্ধ সুরভীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিদ্যুতায়িত হয়ে এক নারী মারা গেছেন এবং দুই নারী আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

