মহামারি করোনার কারণে বন্ধ হওয়ার পাঁচ বছর পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট পুনরায় চালু এবং আধুনিকায়ন করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের নতুন ভবনের ১০ তলায় এ কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
উদ্বোধন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘কভিড শুরুর পর থেকে ঢাকা মেডিক্যালের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের যে অবকাঠামো ছিল তা ক্ষতিগ্রস্ত হওয়ায় কার্যক্রম চেঞ্জ হয়ে যায়। তারপর থেকে বন্ধ থাকে। এরপর ২০২৩ সালে যখন চালু করার চেষ্টা করা হলেও বিভিন্ন কারণে চালু করা সম্ভব হয়নি। আজ সম্পূর্ণ রূপে এটা চালু করা হলো।’
তিনি বলেন, ‘এই চিকিৎসা একটা কস্টলি চিকিৎসা, সরকারের পক্ষ থেকে আমরা একটা ফান্ড এডুকেশন দিয়েছি। রোগীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যাঁদের সামর্থ্য আছে, তারা সুযোগটা নিতে যাবেন না। যাঁদের সামর্থ্য নেই তাঁরাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সুযোগটা নেবেন।’
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম বন্ধ থাকার কথা জানানো হয়। এরপর পুনর্গঠন করে পুনর্স্থাপন করে যে জায়গায় রিপেয়েবল ছিল, সে জায়গায় রিপেয়ার করা হয়েছে। এটা আন্তর্জাতিক মানের বিএমটি ইউনিট। এখানে সব ধরনের ল্যাব ফ্যাসিলিটিজ আছে। চট্টগ্রাম মেডিকেল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল থেকে দুজন দীর্ঘমেয়াদি প্রশিক্ষক আছে। সেই দুজন প্রশিক্ষিত হেমাটোলোজিস্টের তত্ত্বাবধানে এবং ঢাকা মেডিক্যালে একজন আছে তাদের দ্বারা চলবে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে সরকারে কর্মরত হেমাটোলজিস্টদের মধ্যে বিএমটি ট্রেইনড যারা আছেন তাদের সবাইকে একসঙ্গে করে এই সেন্টার চালু করা হয়েছে। আমরা আশা করি, এটা একটি টেকনিক্যাল বডি হিসেবে কাজ করবে। এখানে বর্তমানে ৫ জন ভর্তি আছে। আগামী এক বছরের মধ্যে দেশের সর্বোচ্চ বিএমটি এখানে হবে আশা করছি।’
এ ছাড়া হাসপাতালের নতুন সংযোজন সিসিইউর নতুন বেড, নতুন কয়েকটি আল্ট্রাসনোগ্রাম, কয়েকটি টিকিট কাউন্টার ঘুরে দেখেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান, উপ-পরিচালক ডা. মো. আশরাফুল আলম, সহকারী পরিচালক ডা. মো. আব্দুর রহমানসহ সব কর্মকর্তা-কর্মচারী।

