ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী পূর্বহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টি হলেই মাঠজুড়ে জমে থাকে পানি। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
১৯০৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের পাশেই রয়েছে একটি উঁচু রাস্তা ও বাজার। ফলে বৃষ্টির পানি সহজেই মাঠে ঢুকে পড়ে এবং দীর্ঘদিন পর্যন্ত জমে থাকে। হাঁটু সমান পানিতে ডুবে থাকে পুরো মাঠটি, যা বাধা সৃষ্টি করছে শিক্ষার্থীদের দৈনিক সমাবেশ, খেলাধুলা এবং অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কারিমুন আক্তার জানায়, মাঠে পানি থাকার কারণে আমরা ঠিকমতো সমাবেশ করতে পারি না। বৃষ্টির দিনে জুতা হাতে নিয়ে ক্লাসে যেতে হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী বলেন, বিদ্যালয়ের চারপাশের রাস্তা ও বাজার মাঠের তুলনায় অনেক উঁচু। ফলে চারপাশের পানি এসে মাঠে জমে থাকে। এটি প্রতিদিনের পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।” বর্তমানে বিদ্যালয়টিতে ৩৫৫ জন শিক্ষার্থী লেখাপড়া করছে।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, বিদ্যালয় মাঠটি শুধু শিক্ষার্থীদের নয়, পুরো এলাকাবাসীর একমাত্র খেলার জায়গা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এটি এখন প্রায় অকেজো হয়ে পড়েছে। মাঠে দ্রুত মাটি ভরাট ও ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
সমাজসেবক মো. শফিকুল ইসলাম বলেন, মাঠে পানি জমে থাকার কারণে তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। অনেক শিক্ষার্থীর পায়ে চুলকানিসহ চামড়ার সমস্যা দেখা দিচ্ছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ জানান, বিদ্যালয়ের মাঠ উন্নয়নের জন্য ইতোমধ্যে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্র কাজ শুরু করা হবে।
