ডোবা থেকে প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার, বন্ধু আটক

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৮:২৮

নারায়ণগঞ্জের বন্দর থানার স্বল্পেরচক এলাকায় একটি ডোবা থেকে নিখোঁজের দুই দিন পর সামছুল হক (৩৬) নামে এক প্রবাস ফেরত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) দুপুরে ‘সমরক্ষেত্র ৭১’-এর পাশের মুন্না মিয়ার পুকুর থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত সামছুল হক পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকার বাসিন্দা। তিনি সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের বন্ধু সবুজ (৩০) কে আটক করা হয়েছে। সে একই এলাকার ইয়ানবী মিয়ার ছেলে এবং দীর্ঘদিন ধরে কবিলের মোড় এলাকায় তার বোনের বাড়িতে বসবাস করছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টার পর থেকে সামছুল হক নিখোঁজ ছিলেন। পরে রোববার সকালে স্থানীয়রা ডোবায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ বন্দর ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, ঘটনার আগের রাতে সামছুল হক তার বন্ধু সবুজকে একটি মোবাইল ফোন বিক্রি করেন। কিন্তু মোবাইলটি নষ্ট থাকায় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর পর থেকেই সামছুল নিখোঁজ ছিলেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে হত্যা না আত্মহত্যা কারন জানা যাবে। সে সাথে পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।

ইত্তেফাক/এএইচপি