জুলাই সনদে সই করবেন জামায়াতের যে ২ নেতা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৬:৩৩

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণভোটের সময় নিয়ে মতনৈক্য থাকলেও নদে স্বাক্ষর করার জন্য দু’জন করে প্রতিনিধির নাম ঐক্যমত্য কমিশনের কাছে পাঠিয়েছে সব রাজনৈতিক দল।

সনদে সই করার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও দুই শীর্ষ নেতার নাম ঠিক করা হয়েছে। তারা হলেন— দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এতোদিন ঐক্যমত্য কমিশনের আলোচনায় নেতৃত্ব দিয়ে আসছিলেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যদিকে দলের অন্যতম শীর্ষ নেতা হিসেবে সনদে সই করবেন মিয়া গোলাম পরওয়ার।
 
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সম্প্রতি গণমাধ্যমকে বলেন, জুলাই সনদে কীভাবে ঐকমত্য ও ভিন্নমতগুলো স্থান পাচ্ছে, গণভোটের রূপ ও সময় কীভাবে নির্ধারিত হচ্ছে—এসব বিষয় জানার পরই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

জামায়াত সংসদের উভয় কক্ষেই সংখ্যানুপাতিক (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর) পদ্ধতি অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে। এ বিষয়েও তারা সনদে কীভাবে প্রতিফলন ঘটছে, তা দেখতে চায়। শিগগিরই দলের শীর্ষ নেতারা জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি গণমাধ্যমকে বলেন, ‘জুলাই সনদে কী আছে, তা আগে দেখে তারপরই আমরা স্বাক্ষর করব।’

ইত্তেফাক/এমএএস