ভোলার মনপুরায় বিশেষ অভিযানে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর রহমান রাসেদ মোল্লা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সোহেল মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোর রাত ৫ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে দুপুর ৩ টায় আদালতের মাধ্যমে আটককৃত দুইজনকে ভোলা জেল হাজতে পাঠায় করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মনপুরা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান রাসেদ মোল্লা ও ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও ইউপি সদস্য মোঃ সোহেল মেম্বার। আটককৃত দুই জনের বাড়ি উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাট এলাকায়।
এই ব্যাপারে মনপুরা থানার ওসি আহসান কবির জানান, পুলিশ রাতভর অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগ দুই নেতাকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৬ মার্চ বনবিভাগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে লুট করার অভিযোগে করা হয়েছিল।
