মানিকগঞ্জে একদিনেই পাঁচ মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ২০:০৬

একদিনে মানিকগঞ্জের পৃথক পাঁচটি স্থান থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) দিনভর এই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে তিনজন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং একজন শ্রমিক কারখানায় দুর্ঘটনায় নিহত হয়েছেন। এছাড়া,একজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় একটি বহুতল ভবনের তিনতলা থেকে দুপুর বেলা ৯৯৯-এ ফোন পেয়ে আবু হানিফ নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

সদর উপজেলার দিঘি ইউনিয়নের মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থাকা একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, মৃত ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন।

সিঙ্গাইর উপজেলার দেওলি গ্রাম থেকে রোজিনা আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান,পারিবারিক কলহের জেরে রোজিনা আক্তার বিষপান করে আত্মহত্যা করেছেন। 

ঘিওর উপজেলার দেওভোগ গ্রামে থেকে ঝুলন্ত অবস্থায় সোনা মিয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। 

সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকায় একটি কারখানায় কাজ করার সময় ছাদ থেকে ড্রাম পড়ে রাসেল মাহমুদ নামে এক শ্রমিক গুরুতর আহত হন। গতকাল রোববার রাতে তাকে সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাসেল জামালপুর সদর উপজেলার বাসিন্দা।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আমিনুল ইসলাম জানান,নিহত আবু হানিফ কুমিল্লার বাসিন্দা। পরিবারের ভাষ্য, বিদেশে পাঠানোর নাম করে নেওয়া টাকা ফেরত দিতে না পারায় মানসিক চাপে তিনি আত্মহত্যা করেন।
​
মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবিএম তৌহিদুজ্জামান নিশ্চিত করেছেন যে উদ্ধার হওয়া সকল মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রতিটি ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: সালাউদ্দিন বলেন, প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

ইত্তেফাক/এএইচপি