প্রকাশ্যে এলো শাকিব-বুবলীর নতুন সিনেমার গান

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৯:৩৪

প্রকাশ্যে এলো শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির প্রথম গান ‘কতো ভালোবাসি তোরে’। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটি ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে। রবিবার শাকিব খানের নিজস্ব ইউটিউব চ্যানেল এসকে ফিল্মসে গানটি প্রকাশ করা হয়।

‘কতো ভালোবাসি তোরে কী করে বোঝাই, তুই ছাড়া সাধের জনম জগৎটা বৃথায়’ শফিক তুহিনের লেখা ও সুরে এমনই কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও স্বরলিপি। 

গানটির ভিডিওতে দেখা যাচ্ছে, নতুন গানের সুরেও জমে উঠেছে শাকিব-বুবলীর রোমান্স। তুরস্কের দৃষ্টিনন্দন লোকেশনে গানটি চিত্রায়িত হয়েছে। দারুণ সব লোকেশনে রোমান্সে মেতেছেন এই জুটি। একদিনেই ২ লাখ ৭৪ হাজারের অধিকবার দেখা হয়েছে এই গানটি।

আরো পড়ুন: গৌরনদীতে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। চলতি বছরের ১৫ জুন থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়। এর আগে ১৭ জুন ঢাকা ক্লাবে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/বিএএফ