সায়েন্সল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজের শিক্ষার্থীদের

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৩

ঢাকার সাতটি বড় সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা নিয়ে পক্ষে বিপক্ষে কর্মসূচিকে ঘিরে উচ্চমাধ্যমিকের এক ছাত্রকে মারধর ও একজন শিক্ষককে হেনস্তার প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবরোধ করেছে ঢাকা কলেজের ছাত্ররা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্ররা।

ঢাকা কলেজের ছাত্রদের পাশাপাশি অন্য কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও আন্দোলনে সংহতি জানিয়েছে ব্লকেড কর্মসূচিতে অংশ নিয়েছে।

এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এদিকে শিক্ষক হেনস্তার প্রতিবাদে আজ মঙ্গলবার সারা দেশে সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা ও অন্যান্য অফিসে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা কলেজের অনার্সের শিক্ষার্থীদের মারধরে দুইজন শিক্ষক আহত হয়েছেন। এরই প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন তারা।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘গতকাল সোমবার কলেজের সিনিয়র-জুনিয়রদের মধ্যে একটা ধাক্কাধাক্কি হয়েছে। সেই ঘটনার বিচারের দাবিতে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন। শিক্ষার্থীদের তিনি সরিয়ে নেবেন।’

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা নিয়ে জটিলতা আরও বাড়ছে। এ নিয়ে আন্দোলন এখন সহিংসতার দিকে গড়াচ্ছে। গতকাল সোমবার ঢাকা কলেজ ক্যাম্পাসে উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রকে মারধর ও একজন শিক্ষককে হেনস্তা করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সারা দেশে সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা ও অন্যান্য অফিসে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন।উচ্চমাধ্যমিকের এক ছাত্রকে মারধর ও একজন শিক্ষককে হেনস্তার প্রতিবাদে আজ সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা কলেজের ছাত্ররা।

 

ইত্তেফাক/পিএস