ইলিশের প্রজনন মৌসুমে ‘মা ইলিশ রক্ষায়’ সরকার ঘোষিত ২২ দিনের সারাদেশ ব্যাপী নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া সংলগ্ন বিষখালী নদীতে মাছ শিকারের সময় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল, মাছ ও একটি নৌকা জব্দ করেছে কাকচিড়া নৌ–পুলিশ ফাঁড়ির সদস্যরা।
বুধবার (১৫ অক্টোবর) ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত এসআই মাহমুদুর রহমান ও এএসআই নূরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এএসআই নূরুল ইসলাম জানান, মা ইলিশের প্রজনন মৌসুমে মাছের উৎপাদন বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের লক্ষ্যে সরকার ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। যা ৩ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।
তিনি আরও জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিষখালী নদীতে মাছ ধরার চেষ্টা চালাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নৌকা, প্রায় ৮ হাজার মিটার অবৈধ জাল ও জাটকা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।
কাকচিড়া নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টিম অভিযান চালায়। এতে জাল, মাছ ও একটি নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত নৌকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

