ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জাবি শিক্ষার্থীর

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৪:০১

মেহেরপুরের সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফারহানা ওয়াহেদ অমি নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহত অমি জাবি জাবির ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০ ব্যাচ) শিক্ষার্থী।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা দিকে সদর উপজেলার ফতেহপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারহানা ওয়াহেদ অমির গ্রামের বাড়ি মেহেরপুর সদর উপজেলার হোটেলবাজার এলাকায়। তার বাবার নাম আব্দুর ওয়াহেদ।

মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার সকালে স্বামীসহ ফতেহপুর থেকে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি রামদাসপুরে যাচ্ছিলেন অমি। রামদাসপুরের কাছাকাছি স্থানে সড়কে মোটরসাইকেল ব্রেক করলে একইদিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলের পেছনে থাকা অমিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তবে অক্ষত রয়েছেন তার স্বামী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে পাঠায়। সর্বশেষ পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করে পুলিশ।

এস আই ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে অমির মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, ইংরেজি বিভাগের সভাপতি রায়হান শরীফ।

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘তার এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের পরিবারের একজন সদস্যকে আমরা হারালাম। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে সমবেদনা জ্ঞাপন করছি।’

জাকসু জিএস মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা একই বিভাগের শিক্ষার্থী ছিলাম। সে খুব বিনয়ী ছিল। আমরা পুরো বিশ্ববিদ্যালয় তার মৃত্যুতে গভীরভাবে  শোকাহত। আল্লাহ তাকে জান্নাত নসীব করুন।’

ইত্তেফাক/এপি