‘কিছু বিষয় আছে যা সরাসরি বলা যায় না, বুঝে নিতে হয়। কিছু জিনিস দেখেও চোখকে বলি দেখো না, কানকে বলি শুনো না— এটাই বাস্তবতা। এখন আমি যাই, অনেক ব্যস্ততা আছে। আসসালামু আলাইকুম। মাইন্ড কইরেন না, মাইন্ড করলে সাইন করতে পারবেন না।’
এভাবেই কথা শেষ করেন নেত্রকোণার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে নেত্রকোণা সদরের দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে নিজের বাড়িতে গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় এমন মন্তব্য করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক এক পোস্টকে ঘিরে ব্যাপক আলোচনায় রয়েছেন রিপন মিয়া। গত সোমবার (১৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়ার পর বিষয়টি ভাইরাল হয়। এরপর থেকে টেলিভিশন ও অনলাইন মাধ্যমে তাকে নিয়ে একের পর এক সংবাদ প্রকাশিত হচ্ছে।
সেই পোস্টে প্রাণনাশের হুমকি ও পারিবারিক হয়রানির অভিযোগের ইঙ্গিত দেন তিনি। তবে সাংবাদিকদের প্রশ্নে রিপন বলেন, ‘মূল সমস্যা হলো, কারো ভালো কেউ দেখতে পারে না। ভাইরাল হওয়ার পর থেকে যখন টাকা-পয়সা আসা শুরু হলো, তখন থেকেই ঝামেলা শুরু। একজন আমাকে দুই কোটি টাকার অফার দিয়েছিল তার সঙ্গে কাজ করার জন্য। আমি রাজি না হওয়ায় ঝামেলা তৈরি হয়। এখন তারা দুই কোটি টাকা ক্যাশ দেবে, স্ট্যাম্পে চুক্তি করে এক বছরের জন্য তাদের সঙ্গে কাজ করব।’
চুক্তি নিয়ে বিস্তারিত জানতে চাইলে রিপন বলেন, ‘আমি লেখাপড়া জানি না। “ক” লিখতে গিয়ে কলম ভেঙে ফেলি। বাংলা সামনে এনে দিলে পড়তে পারি না। তাহলে ওই পোস্ট আমি কীভাবে করব, বুঝে নিন।’
থানায় অভিযোগ না করার কারণ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি ঝগড়া করার মানুষ না। আজ মরলে কাল দুই দিন। কাউকে অসম্মান করতে চাই না। অনলাইনে কনটেন্ট বানাই— এটা আজ আছে, কাল নেই। আমি এখন যে চুক্তি করছি, তাতে তারা আমাকে দিয়ে অসামাজিক কিছু করাতে পারবে না।’
২০১৬ সালে কাঠমিস্ত্রি হিসেবে কাজ শুরু করলেও ফেসবুকে ‘হাই আই অ্যাম রিপন ভিডিও’ ও ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ সংলাপ দিয়ে পরিচিতি পান রিপন মিয়া। বর্তমানে তার ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ১৯ লাখের বেশি।

