আফগান সীমান্তে ৩০ জনেরও বেশি ‘অনুপ্রবেশকারীকে’ হত্যার দাবি পাকিস্তানের

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৩:০৪

আফগানিস্তানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে প্রতিবেশী দেশটির সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টাকারী ৩০ জনেরও বেশি 'অনুপ্রবেশকারীকে' হত্যা করার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম (পিটিভি নিউজ) ও সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ডন এই খবর জানিয়েছে। 

পিটিভি নিউজের সূত্র অনুযায়ী, ঘটনাটি ঘটেছে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখওয়ার মোহমান্দ জেলায়, এই জেলার সীমান্ত দিয়ে বহু 'জঙ্গি' পাকিস্তানে প্রবেশের চেষ্টা করেছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, জেলাটির বাহাদর কালাইয়ের পর্বতময় খোর এলাকার কাছে জঙ্গিদের একটি বড় দলকে দেখা যাওয়ার গোয়েন্দা তথ্য পাওয়ার পর এই অভিযানটি চালানো হয়।

কর্মকর্তারা বলেন, 'নিরাপত্তা বাহিনী দ্রুত ওই এলাকাটি ঘেরাও করে ব্যাপক একটি অভিযান চালায়।' পিটিভি বলছে, এই ঘটনায় অন্তত ৩০ জন 'সন্ত্রাসী' নিহত হয়েছেন। তবে স্থানীয় সূত্রগুলো ডনকে জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। 

এই ঘটনার বিষয়ে পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) কোনো তথ্য জানায়নি। পিটিভি বলেছে, আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানোর চেষ্টায় ব্যর্থ হয়ে এখন প্রতিশোধ নেওয়ার জন্য জঙ্গিদের ওপর নির্ভর করছে, এবং এই ঘটনাটি সেই বিষয়কেই তুলে ধরেছে।

সূত্র: ডন

ইত্তেফাক/টিএইচ