ভালো-খারাপ বলবো না, এটাই রিয়েল ফলাফল: ঢাকা বোর্ড চেয়ারম্যান

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৫:৫০

এইচএসসি ও সমমানের ফলাফল নিয়ে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেছেন, ভালো নাকি খারাপ হয়েছে, তা বলবো না। তবে এটাই রিয়েল (প্রকৃত) ফলাফল।’

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ‘শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার বিষয়টি কাঙ্ক্ষিত নয়। যারা পাস করতে পারেনি, তাদের ডেকে উৎসাহ দিতে হবে। আগামীতে তারা যেন ভালো করে। আমরা প্রত্যাশা করি, আগামী বছর এ সময়টি যাতে তাদের উৎসবমুখর দিন হিসেবে কাটে।’

খাতা মূল্যায়নে কঠোর হতে পরীক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, শিক্ষা বোর্ড থেকে নম্বর দেওয়ার ব্যাপারে পরীক্ষকদের কোনো নির্দেশনা ছিল না। ফলে শিক্ষার্থীরা যা লিখেছে, সেটারই সঠিক মূল্যায়ন হয়েছে। আর পরীক্ষকদের দেওয়া নম্বরগুলো শুধু আমরা কম্পাইলড করেছি, ফল প্রস্তুত করেছি। তারপর ফলাফল প্রকাশ হচ্ছে।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, কয়েকটি বিষয়ে শিক্ষার্থীরা ভালো করতে পারেনি। সেটা সার্বিক ফলাফলে প্রভাব ফেলেছে। তবে শহরের তুলনায় গ্রামের দিকের শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল বেশি খারাপ হয়েছে। সমৃদ্ধ অঞ্চলের (শহর) ফলাফল স্বাভাবিকভাবেই ভালো হয়।

ইত্তেফাক/এমএএস