কুবির ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ২০:০৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সকালের নাস্তায় তেলাপোকা পাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তোফাজ্জেল হোসেন তাসরীফ নামের এক শিক্ষার্থী সকালের খাবার খেতে গিয়ে খাবারে তেলাপোকা দেখতে পান।

এ বিষয়ে তোফাজ্জেল হোসেল তাসরীফ বলেন, ‘অনেকেই খাবারটা খেয়েছে। খাবারের মধ্যে থাকা তেলাপোকাটা ভাজা ছিল, এর মধ্যে তেলও ছিল। এটা প্রথম থেকেই রান্না করা তেলাপোকা ছিল।’

প্রত্যক্ষদর্শী আরেক শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘তাসরীফ যখন খাবারটা নেয় তখন আমরা চারজন ছিলাম। খাবার নেওয়ার সঙ্গে সঙ্গেই খাবারে তেলাপোকাটা দেখতে পায়।’

এ বিষয়ে ক্যাফেটেরিয়া পরিচালনার পরিচালক সুমা আহমেদ বলেন, যখন ঘটনাটা ঘটে তখন আমি ক্যাশ কাউন্টারে ছিলাম। ওই মুহূর্তে যেহেতু আমি সেখানে ছিলাম না তাই আমি বলতে পারছি না আসলে তেলাপোকা সার্ভ করা হয়েছে কিনা। তবে যদি তেলাপোকা থাকতো যিনি সার্ভ করেছে তার চোখে অবশ্যই পড়তো। আর তেলাপোকা নরম জাতীয় প্রাণী, গরম তেলে যখন ছাড়বেন দেখবেন পাখনা যা আছে সব ছড়িয়ে যাবে।

তিনি আরও বলেন, এখন আপনারা সিসিটিভি ফুটেজ দেখেন, তারপর যাচাই বাছাই করেন। আমরা প্রতিদিন গরম পানি দিয়ে কিচেন পরিষ্কার করি। তেলাপোকা থাকার কথা না। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যেন ভালো খাবার দিতে পারি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব বলেন, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সব কিছু যাচাই বাছাই করে প্রশাসন সিদ্ধান্ত নেবে। এর আগে আমরা কিছু বলতে পারছি না।

 

 
ইত্তেফাক/এসএএস