এইচএসসি পরীক্ষা: মনোহরগঞ্জের ৭ প্রতিষ্ঠানের ৫টিতেই ফলাফল বিপর্যয়

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৮:৩৬

কুমিল্লার মনোহরগঞ্জে এবারের এইচএসসি পরীক্ষায় নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজসহ ৭টি প্রতিষ্ঠানের ৫টিতেই ফলাফল বিপর্যয় হয়েছে। এবছর এই উপজেলায় ইংরেজি ও আইসিটি বিষয়ে ফেল করেছে অধিকাংশ শিক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার উত্তরহাওলা স্কুল এন্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ২৫ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করে ৬ জন, অকৃতকার্য হয় ১৯ জন। পাশের হার ২৪%। আলী নকিপুর স্কুল এ্যান্ড কলেজ থেকে ৬ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করে ১ জন, অকৃতকার্য হয় ৫ জন, পাশের হার ১৬.৬৬%।

এদিকে, নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ থেকে ৩৩০ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করে ৯৬ জন, অকৃতকার্য হয় ২৩৪ জন, পাশের হার ২৯.০৯%। শাহশরীফ ডিগ্রি কলেজ থেকে ১৮৪জন শিক্ষার্থীর মধ্যে ৮৭ জন পাশ করে, অকৃতকার্য হয় ৯৭ জন, পাশের হার ৪৭.২৮%। পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজ থেকে ২১জন শিক্ষার্থীর মধ্যে পাশ করে ১০ জন, অকৃতকার্য হয় ১১ জন। পাশের হার ৪৭.৬১%।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, কিছু প্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক নয়। অধিকাংশ শিক্ষার্থী ইংরেজি ও আইসিটি বিষয়ে খারাপ করার কথা জানিয়েছেন শিক্ষকরা।

এ উপজেলায় সদ্য যোগদান করেছেন উল্লেখ করে তিনি বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল পর্যালোচনাসহ অচিরেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি।

ইত্তেফাক/এএইচপি