গাজায় সেনা পাঠাতে পারে পাকিস্তান, ইন্দোনেশিয়া ও আজারবাইজান: রিপোর্ট

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৮:২২

মার্কিন-সমর্থিত পরিকল্পনার অধীনে গাজা উপত্যকায় স্থিতিশীলতা আনতে একটি 'আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী' মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে। এ জন্য সৈন্য সরবরাহের ক্ষেত্রে পাকিস্তান, ইন্দোনেশিয়া ও আজারবাইজানের নাম শীর্ষে রয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এবং চলমান সংবেদনশীল আলোচনার জন্য নাম প্রকাশ না করার শর্তে একজন প্রাক্তন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে পলিটিকো এ খবর জানিয়েছে।

বর্তমান মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, বাহিনীর গঠন নিয়ে আলোচনা চলছে। কোনো দেশই এখনো (সেনা পাঠানোর) দৃঢ় প্রতিশ্রুতি দেয়নি। তবে এই দেশগুলোই (পাকিস্তান, ইন্দোনেশিয়া ও আজারবাইজান) সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছে।

গাজায় শান্তির জন্য ট্রাম্পের ২০-দফা পরিকল্পনায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আরব এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করে একটি অস্থায়ী স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের জন্য কাজ করবে। এই বাহিনী যাচাইকৃত ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা করবে।

এই প্রচেষ্টার বিষয়ে মিশর ও জর্ডানের সঙ্গেও পরামর্শ করবে যুক্তরাষ্ট্র। তবে জানানো হয়েছে, কোনো আমেরিকান সেনা গাজার অভ্যন্তরে থাকবে না।

পলিটিকোর প্রতিবেদন অনুসারে, এমন একটি বাহিনী গড়ে তোলার জন্য এখনো কয়েক মাস সময় লেগে যেতে পারে।

এ বিষয়ে হোয়াইট হাউস, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং আজারবাইজানের দূতাবাসগুলো তাৎক্ষণিকভাবে পলিটিকোর মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

ইত্তেফাক/এসকে