রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে আর কিছুক্ষণ পরেই স্বাক্ষর হচ্ছে জুলাই জাতীয় সনদ। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াতের পক্ষ থেকে যাবেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এ ছাড়া জামায়াতের আরো অনেক নেতা উপস্থিত থাকবেন।
তবে অনুষ্ঠানে অংশ নিলেও সনদে স্বাক্ষর করা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি জামায়াত। বিষয়টি জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, সনদ কিভাবে বাস্তবায়ন হবে, সেই ড্রাফট পাননি তারা। ওটা পাওয়ার পরেই জামায়াত সিদ্ধান্ত নেবে যে তারা সই করবে কি না।
গত ৮ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন বাস্তবায়ন পদ্ধতির খসড়া নিয়ে বৈঠক করেছে। ১১ অক্টোবরের আগেই খসড়া হাতে আসার কথা ছিল রাজনৈতিক দলগুলোর। তবে এখনো তা হাতে পায়নি জামায়াত। সে কারণেই এখনো সিদ্ধান্ত নিতে পারেনি।
এদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি) ইতিমধ্যেই এই অনুষ্ঠানে যাবে না বলে জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানায় দলটি। এরপর একাধিক দল এই অনুষ্ঠানই বয়কটের ঘোষণা দেয়। তবে জামায়াত সে পথে না হাঁটলেও সনদে স্বাক্ষর নিয়ে নিশ্চয়তা দেয়নি।
