গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে রাকিব (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা বাসস্টান্ডের অদুরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু জানান, ওই এলাকায় গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাকিব ছিটকে সড়কে পরে গিয়ে ঘটনাস্থলে মারা যান।
তিনি আরও জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় আটক করা সম্ভব হয় নাই।
