শনিবার রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব: হিরো আলম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ২২:৪১

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও আলোচনায়। স্ত্রী রিয়া মনিকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এ উপলক্ষে দুধ দিয়ে গোসল করবেন বলেও জানিয়েছেন হিরো আলম।

শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে হিরো আলম লেখেন, ‘আগামীকাল রিয়া মনিকে তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করব।’

এর আগে এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, ‘আগে দুইটা বিয়ে করেছি। সবাই আমাকে বিক্রি করে স্টার হতে চেয়েছিল। মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু অন্তরে ছিল স্টার হওয়ার নেশা। তাই সংসার টেকেনি।’

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন কাজের প্রস্তুতি নিচ্ছি। একটা না একটা সমস্যা সব সময় তৈরি হয়, তাই কাজ ব্যাহত হয়। তবে নতুন সিনেমার গানের কাজ শেষ করেছি, শিগগিরই মুক্তি পাবে।’

অন্যদিকে বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন রিয়া মনি। কাঁদতে কাঁদতে তিনি জানান, সংসার চলাকালীন সময়েই হিরো আলম অন্য এক নারী মিথিলার সঙ্গে পরকীয়ায় জড়ান। সেই নারী হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ মামলাও করেন।

এই ঘটনা ঘিরে দাম্পত্য জীবনে ফাটল ধরে। একপর্যায়ে হিরো আলমকে তালাকনামা পাঠান রিয়া মনি। এরপর তালাকের কাগজ হাতে পেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম, তবে ব্যর্থ হন। শেষ পর্যন্ত আবারও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেও সম্পর্কের টানাপোড়েন শেষ হয়নি বলে দাবি করেন রিয়া মনি।

ইত্তেফাক/এএম