ভিন্নমত ছাড়াই জুলাই সনদ স্বাক্ষর হলে সবচেয়ে ভালো হতো: জামায়াত

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০১:২৯

জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে ভিন্নমত না থাকলে এটি আরও ভালোভাবে কার্যকর হতো। তবে তিনি মনে করেন, স্বাক্ষর হলেও সনদের বাস্তবায়ন এখনো চ্যালেঞ্জের মুখে রয়েছে।

শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, “সনদ সই অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু ৮৪ ধারায় আমরা একমত হলেও কিছু দল নোট অব ডিসেন্ট দিয়েছে। সবচেয়ে ভালো হতো ভিন্নমত ছাড়া স্বাক্ষর হতো।”

সনদ বাস্তবায়ন নিয়ে সংশয় সম্পর্কে তিনি বলেন, “আইনি ভিত্তি থাকা আবশ্যক। আইন ছাড়া সনদটি বিপ্লবের চেতনা ও ঐকমত্যের উদ্দেশ্যকে ক্ষুণ্ণ করতে পারে। আদেশ জারি এবং গণভোটের মাধ্যমে সনদ টেকসই করতে হবে।”

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫টি রাজনৈতিক দলের নেতারা। বিএনপি, জামায়াত, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এলডিপি, খেলাফত মজলিস, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি, এনডিএম, গণফোরাম, জাসদ ও অন্যান্য দল।

এর বিপরীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং চারটি বামপন্থী দল — কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও জাসদ—সনদে স্বাক্ষর করেনি।

ইত্তেফাক/এএম