স্মারক

ভাস্কর্য :বিজয় ’৭১

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২০:০৫

 

রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয়কে তুলে ধরা হয়েছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয় ’৭১ ভাস্কর্যে। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে স্থাপিত ভাস্কর্যটিতে সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিসংগ্রামে বাংলার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টি।

ভাস্কর শ্যামল চৌধুরী ২০০০ সালে এটি নির্মাণ করেন। ছয় ফুট উঁচু একটি বেদীর ওপর অবস্থিত এ ভাস্কর্যের মূলে রয়েছে তিনজন বীর মুক্তিযোদ্ধার নজরকাড়া বিপ্ল­বী ভঙ্গিমা। যেখানে স্বাধীন বাংলার জাতীয় পতাকা আকাশের দিকে তুলে ধরেছেন একজন কৃষক মুক্তিযোদ্ধা। তার ডান পাশেই রাইফেল শোভিত এক নারী দৃঢ়চিত্তে মুক্তিযুদ্ধে সকলকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন। অন্যদিকে এক ছাত্র যোদ্ধা গ্রেনেড ছোড়ার ভঙ্গিমায় বাম হাতে রাইফেল নিয়ে তেজোদীপ্ত চিত্তে দাঁড়িয়ে আছেন। ভাস্কর্যের মূল অংশের নিচে টেরাকোটায় চিত্রিত হয়েছে ’৫২-এর ভাষা আন্দোলন, ’৬৬-এর ছয় দফা, শিক্ষা আন্দোলন।

১৯৭১ সালের ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়ের গৌরবময় ইতিহাস সমপর্কে বাস্তব ধারণা দেয় এই ভাস্কর্য। এটি দর্শনার্থীদের হূদয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করে, একটি স্থায়ী আসন গড়ে দেয়।