বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদ (উত্তরা পশ্চিম থানা শাখা)-এর উদ্যোগে “ধর্মীয় সমাজ গঠন ও ঐক্যবদ্ধ নেতৃত্ব” শীর্ষক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম উত্তরা মাদ্রাসার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান আলোচক পীর মধুপুর আল্লামা আব্দুল হামিদ বলেন, “দেশের ওলামায়ে কেরামরা যদি ঐক্যবদ্ধ হন, তবে দ্বীনি সমাজ ব্যবস্থা কায়েম হবে। দ্বীনি সমাজ ব্যবস্থা বাস্তবায়িত হলে দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে। দ্বীনি নেতৃত্ব কায়েম হলে মানুষ যেমন আযানের ডাক শুনে মসজিদে যাবে, তেমনি হারাম কাজ থেকেও বিরত থাকবে। পুরুষ নেতৃত্বের পাশাপাশি পর্দানশীল নারী নেতৃত্বও তৈরি হবে। এজন্য হক্কানী আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে মানুষকে দ্বীনের পথে আহ্বান জানাতে হবে।”
বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদ উত্তরা পশ্চিম থানা কমিটির সভাপতি মাওলানা খলিল সাইফুল্লাহ কাসেমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুফতি জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সভাপতি মাওলানা কেফায়েত উল্লাহ আজহারী, আল্লামা নাজমুল হাসান কাসেমী, সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. জমির উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা দ্বীনি সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামদের ঐক্য ও নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সকলে একযোগে কাজ করার আহ্বান জানান।
