আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খাঁন

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৩:০৬

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলে মানুষ শেখ হাসিনার পা ধরেও মাফ পাবে না। রোববার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্যটি করেন।

পোস্টে রাশেদ লিখেছেন, ‘আমি বেশ কয়েকবার বলেছি, নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ। তাদের প্ল্যান বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, গুপ্তহত্যা ও নির্বাচন বানচাল করা। ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পারলে দেশে আরেকটি ১/১১ নেমে আসবে। বাংলাদেশে আরেকটি ১/১১ ছাড়া আর কোনভাবে আওয়ামীলীগের ফেরার সুযোগ নেই। তাই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে। সামনে তারা গুপ্তহত্যা শুরু করবে।’

রাশেদ সবাইকে সতর্ক করে আরো বলেন, ‘সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরবে। তারপরের পরিস্থিতি কি হতে পারে, সেটি কারও অবোধগম্য নয়।’

তিনি ভোটের রাজনীতির চিন্তা করে যারা আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছেন তাদেরকেও কড়া হুঁশিয়ারি দেন—‘ভোটের রাজনীতির চিন্তা করে যারা আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছেন, তারা আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না। সুতরাং, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে একতাবদ্ধ থাকুন। নিজেদের মধ্যে বিভক্তির সুযোগে অন্তত এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী শক্তি আওয়ামী লীগকে ফিরতে দিয়েন না।’

ইত্তেফাক/এনএন