পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম জনতা ব্যাংকের গ্রাহকদের হিসাব থেকে প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শাখা ব্যবস্থাপক হেমায়েত করিমকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ অক্টোবর) উপজেলার সাগরদারী গ্রামের ব্যবসায়ী সালাম ব্যাপারী ব্যাংকে টাকা তুলতে গিয়ে দেখেন তার হিসাবে কোনো টাকা নেই। বিষয়টি জানাজানি হলে অন্য গ্রাহকেরাও তাদের হিসাব নম্বর চেক করলে দেখা যায় প্রায় গ্রাহকেরই জমা রাখা টাকা কম। গ্রাহকরা টাকা আত্মসাতের অভিযোগ তুললে জেলা অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পান।
পরদিন নতুন ব্যবস্থাপক হিসেবে ফরিদুজ্জামান দায়িত্ব নেন এবং বাদী হয়ে আতাইকুলা থানায় পূর্বের ম্যানেজারের বিরুদ্ধে ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন।
আতাইকুলা থানার ওসি সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে ১৫৪ ধারায় মামলা রুজু করে ১৬ অক্টোবর (বৃহস্পতিবার ) অভিযুক্তকে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে বনগ্রাম বাজার জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক আটকের ঘটনার সংবাদ জানা জানি হলে রোববার সকাল থেকে ব্যাংককে গ্রাহকদের ভীড় দেখা গেছে। সকলেই তাদের নিজ নামীয় হিসাবে রাখা টাকা চেক করছে।
স্থানীয় ব্যবসায়ী তনয় সাহা বলেন, আমার সিসি লোনের ৪৯ লক্ষ টাকা হিসাব থেকে উধাও হয়েছে। তিনি আরও জানান, টাকা হিসাব থেকে তুলে নেবার পূর্বে মোবাইলের ম্যাসেজ অবশন বন্ধ করে দেয়া হয়।
একই অভিযোগ করেন সালাম ব্যাপারী বলেন, হিসাবে আমার ৪১ লাখ টাকা অনুপস্থিত। খালইভরা গ্রামের শাপলা খাতুন জানান, জমা রশিদ থাকা সত্ত্বেও তার ১৬ লাখ টাকা হিসাব নম্বরে জমা হয়নি। ক্ষেতুপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মুনসুর আলম পিন্চুর হিসাব থেকে ১০ লক্ষ টাকা ঊধায় হয়ে গেছে। বনগ্রামের আ: মতিনের ১২ লক্ষ ৫০ হাজার টাকা, রাজাপুর গ্রামের হযরত আলীর ১ লক্ষ ৫০ হাজার, বহল বাড়ীয়ার আবু জাফরের ৫ লক্ষ টাকাসহ বিভিন্ন গ্রাহকের টাকা বিভিন্ন উপায়ে আত্মসাত করেছে।
বনগ্রাম জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফরিদুজ্জামান বলেন , গ্রাহকদের থেকে অভিযোগ গ্রহণ করা হচ্ছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জনতা ব্যাংক পাবনা শাখার প্রিন্সিপাল অফিসার মুন্জুরুল ইসলাম জানান, বিভাগীয় কর্মকর্তারা তদন্ত করছেন এবং ঢাকা হেড অফিস থেকে কর্মকর্তারা তদন্ত করছেন। তদন্ত শেষে আসল ঘটনা জানা যাবে। অভিযুক্ত ম্যানেজার বর্তমানে জেল হাজতে আছেন।
