কার্গো ভিলেজে আগুন, আহত আনসার সদস্যদের দেখতে সিএমএইচে মহাপরিচালক

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ২১:৫২

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে উদ্ধার কার্যক্রমে আহত আনসার সদস্যদের দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ।

রোববার (১৯ অক্টোবর) সকালে সিএমএইচ পরিদর্শনকালে তিনি আহত আনসার সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাদের মনোবল বৃদ্ধিতে সাহসদেন। এ সময় তিনি চিকিৎসকদের আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দেন।

পরিদর্শনকালে ঢাকা সিএমএইচের ডেপুটি কমান্ড্যান্ট কর্নেল মোঃ আব্দুল হামিদ, পরিচালক মোঃ আসাদুজ্জামান গনী (ডিএমএ)-সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় নিরাপত্তার দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসার সদস্যরা সাহসিকতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে অংশ নেন। ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বিতভাবে পরিচালিত এ অভিযানে প্রায় দুই হাজার আনসার সদস্য অংশ নেন। আগুন নেভাতে গিয়ে আহত হন ২৫ জন আনসার সদস্য।

আহতদের মধ্যে ১০ জনকে সিএমএইচ, ৮ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে সকল আহত আনসার সদস্য শঙ্কামুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইত্তেফাক/এনএ