পিরোজপুরে ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১৩:১২

পিরোজপুরের কাউখালীতে ডাকাত সন্দেহে পিটুনিতে মো. আলী  (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) রাতে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলী উপজেলার শিয়ালকাঠী গ্রামের বান্দাঘাটা এলাকার হাকিম হাওলাদারের ছেলে। এ ঘটনায় রাতে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে শিয়ালকাঠি বান্দাকাটা গ্রামে কিছু লোক ‘ডাকাত...ডাকাত’ বলে চিৎকার করে মো. আলীকে আটক করে। এসময় তারা তাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে গণপিটুনি দিয়ে তাকে হাত-পা বেঁধে ফেলে রেখে দেয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে রেফার্ড করা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে খুলনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে বাড়ি থেকে ডেকে এনে আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার পরিবার। তবে স্থানীয়দের দাবি, আলী মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন।

শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বলেন, গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানায় ফোন দিয়েছি। পরে আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

কাউখালী থানার ওসি মো. সোলাইমান জানান, এ ঘটনায় আলীর স্ত্রী সোনিয়া বাদী হয়ে কাউখালী থানার মামলা দায়ের করেছে। মামলার জেরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। 

ইত্তেফাক/এপি