আলিম পরীক্ষায় শূন্য ফলাফল, দুই মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১৫:৫৫

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চলতি শিক্ষাবর্ষের অনুষ্ঠিত আলিম পরীক্ষায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দুইটি মাদ্রাসার ফলাফল নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। পুকুরপাড় ফাজিল মাদ্রাসা ও বন্যাকান্দি আলিম মাদ্রাসা এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউই পাশ করতে পারেনি।

পুকুরপাড় ফাজিল মাদ্রাসায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, কিন্তু একজনও পাস করতে পারেনি। অথচ মাদ্রাসাটিতে ফাজিল ও আলিম বিভাগে মোট ১২ জন এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন। এর মধ্যে ৬ষ্ঠ গ্রেডের ৬ জন এবং ৭ম গ্রেডের ৬ জন শিক্ষক। নিয়মিতভাবে সরকারি বেতন নেওয়া সত্ত্বেও শিক্ষার এমন করুণ অবস্থা কেন— তা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে।

একই রকম চিত্র বন্যাকান্দি আলিম মাদ্রাসাতেও। সেখানেও ১০ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিলেও কেউ পাশ করেনি। তবে এই মাদ্রাসার সুপার মিজানুর রহমান জানিয়েছেন, তাদের আলিম বিভাগে কোনো এমপিওভুক্ত শিক্ষক নেই, ফলে পাঠদান হয়নি। শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে পারেনি এবং এ কারণে কেউ পাশ করতে পারেনি বলে তিনি দাবি করেন।

এই পরিস্থিতিতে আজ সোমবার (২০ অক্টোবর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পক্ষ থেকে উল্লাপাড়ার এই দুটি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি