পিরোজপুরে চা দোকানিকে কুপিয়ে হত্যা

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১৭:১৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার (৭০) নামের এক চায়ের দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টার দিকে উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত আলম হাওলাদার ওই গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে রাজু, কাদের ও সাইফুল নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। 

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন আলম হাওলাদার। বাড়ির সামনে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার জানান, দোকানের পাওনা টাকার চাওয়য় তার বাবাকে হত্যা করা হয়েছে। বকেয়া টাকা নিয়ে আমার সামনে বসে ঘটনার দিন বিকালে বাকবিতন্ডা হয়েছে। 

মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম তালুকদার জানান, এ বিষয়ে তিনজনকে আটক করা হয়েছে। নিহতের ছেলে সরোয়ার হাওলাদার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএইচপি