জবি ছাত্রদল হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ 

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১৮:৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মোঃ জুবায়েদ হোসেনের জানাজা শেষে খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক, বাহাদুর শাহ পার্ক, শাঁখারিবাজার হয়ে রায়সাহেব বাজার ঘুরে আবার ক্যাম্পাসে ফিরে আসে।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‘প্রশাসনের দালালেরা, হুশিয়ার সাবধান’, ‘আমার ভাই মরল কেনো, প্রশাসন জবাব চাই’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই’-সহ বিভিন্ন স্লোগান দেয়।

জুবায়েদ হত্যার সাথে জড়িতদের ফাঁসি চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, আমার ভাইকে খুন করার পর ২২ ঘণ্টা পেরিয়ে গেছে কিন্তু আমরা এখন পর্যন্ত আসামীদের গ্রেফতার দেখতে পাইনি। প্রশাসনের এমন উদাসীনতার তীব্র নিন্দা জানাচ্ছি।  অতিদ্রুত আমার ভাই জুবায়েদের খুনিদের গ্রেফতার করা হোক এবং আইনি ভিত্তিতে ফাঁসি দেওয়া হোক।

বিক্ষোভরত বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজ হোসেন বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয় নাই। কোনো আসামীকে গ্রেফতার পর্যন্ত করতে পারেনি। অনতিবিলম্বে আমার ভাইয়ের খুনিদের গ্রেফতার করা হোক এবং তদন্ত সাপেক্ষে ফাঁসির ব্যবস্থা করা হোক।

এর আগে রবিবার বিকালে পুরাণ ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়িতে স্থানীয়রা জোবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

যে ভবন থেকে জোবায়েদের মরদেহ উদ্ধার করা হয় সেখানে তিনি টিউশনি পড়াতেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে দুইজনকে শনাক্ত করেছে পুলিশ। জোবায়েদের ছাত্রী বর্ষাকেও পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

ইত্তেফাক/এএইচপি